জাতীয়

ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হলো এভারকেয়ারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হলো এভারকেয়ারে
ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিবার ও দলের সিদ্ধান্তে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। সন্ধ্যায় আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত জানান, “হাদি ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। অবস্থার স্থিতিশীলতা দেখা দিলে পোস্ট-অপারেটিভ কেয়ার নেওয়ার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই দোয়া করবেন।”

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং মাথার মধ্যে গুলি অবস্থান করছে। তিনি বলেন, “হাদির অবস্থা ক্রিটিক্যাল। শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধ হন তিনি।”

হাদিকে গুলি করা ঘটনা ঘটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায়, যখন গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বেলা ২টা ২৫ মিনিটে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় হাদির পেছনের রিকশায় ছিলেন সহযোগী মো. রাফি, যিনি জানান, “জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগরে আসতেই দুজন মোটরসাইকেলে এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে চলে যায়। আমি তার পেছনের রিকশায় ছিলাম।”

এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ও ব্যাপক তদন্ত চালানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, হামলায় জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

রাজনৈতিক নেতারা ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।