জাতীয়
হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, তবে বেঁচে আছেন: ডা. জাহিদ রায়হান
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তিনি এক গণমাধ্যমকে বলেন, “হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে তিনি বেঁচে আছেন।”
ডা. জাহিদ জানান, অস্ত্রোপচারের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তিনি বলেন, “অপারেশনের সময়ও অ্যানেসথেসিয়া টিম বলেন, তার এফোর্ট আছে—মানে নিজের শ্বাস নেওয়ার ক্ষমতা সক্রিয় ছিল। আমরা কোনো আশা দেখাতে পারছি না, তবে তিনি এখনো জীবিত আছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা।”
তিনি আরও জানান, উন্নত আইসিইউ সাপোর্টের প্রয়োজন বিবেচনায় হাদির পরিবার তাকে এভারকেয়ার হাসপাতালে নিতে চেয়েছেন।
চিকিৎসকদের ধারণা, গুলিটি হাদির মাথায় এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে। তবে কিছু বুলেটের ছোট ফ্র্যাগমেন্ট মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে, যেগুলোর কিছু অপারেশনের সময় সংগ্রহ করা হয়েছে। ডা. জাহিদ বলেন, “বুলেট যদি ভেতরেও থাকে, সেটা মগজের সেন্টার পয়েন্টে- ওখানে অ্যাপ্রোচ করা হয় না।”
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। বিকেল পৌনে ৩টার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে আনা হয় এবং সেখানে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে রাত ৮টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।