জাতীয়

ওসমান হাদিকে গুলি করা দুই যুবককে নিয়ে যা জানালেন ডিবি প্রধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

ওসমান হাদিকে গুলি করা দুই যুবককে নিয়ে যা জানালেন ডিবি প্রধান
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলির মুখে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, হাদিকে গুলি করা দুই যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম তদন্ত চালাচ্ছে। হত্যাচেষ্টার আগে বা কয়েক ঘণ্টা আগে ওই দুই যুবক ছদ্মবেশে হাদির সঙ্গে মোটরসাইকেলে চলাফেরা করেছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কয়েকটি ছবিও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছবিতে দেখা গেছে, দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির পোশাকের সঙ্গে হামলাকারীদের পোশাকের সাদৃশ্য রয়েছে। হামলাকারীদের একজন কালো পাঞ্জাবি ও মাস্ক পরে, অন্যজন কালো ব্লেজার ও মাস্ক পরে ছিল।

হাদির গুলিবিদ্ধ অবস্থার পর নিউরো বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। অস্ত্রোপচারের সময় মস্তিষ্ক থেকে একটি পিলেট বের করা হয়েছে, তবে কয়েকটি ক্ষুদ্র ধাতব বল এখনও মস্তিষ্কে রয়েছে। চিকিৎসকরা এখন তাকে লাইফ সাপোর্টে রেখেছেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশ, র‌্যাব ও ডিবিসহ সংশ্লিষ্ট সব সংস্থা মিলে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপর। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।