জাতীয়
এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতেই যোগ দিচ্ছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
মাহফুজ ও আসিফের ঘনিষ্ঠ সূত্র এবং এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেওয়ার ঘোষণা আসতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই দুই নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
জানা গেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর-১ আসন থেকে মাহফুজ আলম প্রার্থিতা করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এনসিপি এই দুই আসনে কোনো প্রার্থী দেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গঠিত দলে যোগ দেবেন—এটাই স্বাভাবিক। আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিনের মধ্যেই তাদের পক্ষ থেকেই আসবে।
এর আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন। তিনি যদি এনসিপিতে যোগ দেন, আমরা তাকে স্বাগত জানাব। মাহফুজ আলমের ক্ষেত্রেও একই অবস্থান আমাদের।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ ছেড়ে অভ্যুত্থানের আরেক নেতা নাহিদ ইসলাম এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন নীতিনির্ধারণী নেতা জানান, আসিফ মাহমুদ দলে যোগ দিলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব চান, আহ্বায়কের পরের পদমর্যাদার নিশ্চয়তাও প্রত্যাশা করছেন। অন্যদিকে মাহফুজ আলম সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলে গুরুত্বপূর্ণ অবস্থান চান। এসব বিষয়ে আলোচনা চলায় আনুষ্ঠানিক ঘোষণা কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে দুজনই এনসিপিতে যোগ দিচ্ছেন—এ বিষয়ে দলীয় পর্যায়ে নিশ্চিত হওয়া গেছে।