জাতীয়

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ এএম

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস
ছবি: সংগৃহীত

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের অন্যতম মর্মান্তিক অধ্যায়। বিজয়ের ঊষালগ্নে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান—বুদ্ধিজীবীদের। এই দিনটি শহীদ বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনা ও গভীর শোকের প্রতীক।

এবার ভিন্ন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার প্রায় ১৬ মাস পর বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জাতি নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা করতে যাচ্ছে।

এর আগে জাতির প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার কার্যক্রমও উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে, যা ছিল ১৯৭১ সালের বিজয়ের প্রাক্কালে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের অন্যতম আকাঙ্ক্ষা। এ প্রেক্ষাপটে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা করছে দেশের মানুষ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।