জাতীয়
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিয়ে বিকেলে জরুরি আইনশৃঙ্খলা সভায় বসছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় আজ বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতেই এই বৈঠক আয়োজন করা হয়েছে।
রোববার এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিকেল ৪টায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এতে পুলিশ কমিশনার, আইজিপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব এবং জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি)-এর প্রতিনিধিরা অংশ নেবেন।
তিনি আরও জানান, নির্বাচন ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক আকার ধারণ করেছে। এসব পরিস্থিতি কীভাবে কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং ভোটের দিন ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা যায়—তা নিয়েই মূলত এই সভায় আলোচনা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরপরই দেশের বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ও উত্তেজনা দেখা দেয়। এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করতে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নিতে এই জরুরি বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইসি।