জাতীয়

ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর চিকিৎসক দলের তত্ত্বাবধানে ওসমান হাদিকে বিমানে তোলা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রবিবার উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুই দিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালে চিকিৎসার সম্ভাবনা নিয়ে যোগাযোগ করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতামত এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, সিদ্ধান্তের সময় পর্যন্ত ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত বিদেশে নেওয়ার প্রয়োজন দেখা দেয়।

 

প্রেস উইং আরও জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আগেই নিশ্চিত করা হয়েছে। মেডিকেল এয়ার অ্যাম্বুল্যান্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়।

ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।