জাতীয়

জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবময় অধ্যায় যুক্ত হলো। জাতীয় পতাকা হাতে সর্বাধিক সংখ্যক প্যারাস্যুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ব্যতিক্রমী প্রদর্শনীতে ৫৪ জন প্যারাট্রুপার একযোগে পতাকা হাতে স্কাইডাইভিং করে বিশ্ববাসীর দৃষ্টি কাড়েন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের মূল অনুষ্ঠানে এই ঐতিহাসিক প্যারাস্যুটিং প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের এই পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনীকে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং প্রদর্শনী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। প্রায় ১২ হাজার ফুট উচ্চতা থেকে ফ্রি ফল জাম্পে অংশ নেওয়া এই ৫৪ জনের মধ্যে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এই প্রদর্শনীতে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয় আন্তর্জাতিক শান্তিরক্ষায় আত্মোৎসর্গকারী বাংলাদেশি সেনাদের। ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে আকাশ থেকে অবতরণ করেন, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

পুরো ফ্রি ফল জাম্প কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান এবং ড্রপ জোন কমান্ডারের দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান। তার নেতৃত্বেই সফলভাবে সম্পন্ন হয় এই জটিল ও ঝুঁকিপূর্ণ প্রদর্শনী।

এ ছাড়া তেজগাঁও পুরাতন বিমানবন্দরের বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে মনোমুগ্ধকর ফ্লাই-পাস্ট প্রদর্শন করে। অনুষ্ঠানে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোও আয়োজন করা হয়, যা পুরো আয়োজনকে আরও বর্ণিল ও উৎসবমুখর করে তোলে।

জাতীয় পতাকা হাতে এই বিশ্বরেকর্ড প্যারাস্যুটিং প্রদর্শনী মহান বিজয় দিবসকে শুধু উদযাপনই নয়, বরং বাংলাদেশের সক্ষমতা, শৃঙ্খলা ও সাহসের প্রতীক হিসেবে বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরেছে।