জাতীয়

ভোটের ওপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

ভোটের ওপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই ভোটের ওপর নির্ভর করছে আমাদের সবার-আপনার, আমার এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ। তাই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ভোট শুধু একটি অধিকার নয়, এটি জনগণের ভবিষ্যৎ রচনার মূল ভিত্তি। সঠিকভাবে ভোট প্রয়োগের মাধ্যমেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “ভোট হচ্ছে জনগণের ভবিষ্যৎ লেখার অক্ষর। যদি ভোট বাক্সে সঠিকভাবে ভোট জমা দেওয়া না যায়, তাহলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ রচনা করা সম্ভব হবে না।” তিনি নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, নিজেদের ভোট সযত্নে ভোটকেন্দ্রে গিয়ে প্রয়োগ করতে হবে।

ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা এলে শান্ত ও সুশৃঙ্খলভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।

ভাষণের শেষে ড. মুহাম্মদ ইউনূস বলেন, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং একটি স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়েই জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।