জাতীয়

সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা হাদিকে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা হাদিকে
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। তার মাথায় অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে যুক্তরাজ্যে নেওয়ার আগে সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে ‘সবুজ সংকেত’ পাওয়া জরুরি।

বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শীর্ষ পর্যায়ের একজন নেতা এবং সরকারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ওসমান হাদির মাথায় যে জটিল অস্ত্রোপচারটি প্রয়োজন, তার জন্য সিঙ্গাপুরে পর্যাপ্ত সুবিধা নেই। তবে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতাল এ ধরনের অস্ত্রোপচারে বিশেষভাবে সক্ষম।

সূত্রটি আরও জানায়, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থানরত কয়েকজন শুভানুধ্যায়ী ব্যক্তিগত উদ্যোগে তাকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে বিষয়টি গুরুত্ব পেলে সরকারও এতে সক্রিয় ভূমিকা নেয়। একজন উপদেষ্টা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

তবে চিকিৎসকদের মতে, দীর্ঘ সফরে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা ওসমান হাদির আছে কিনা—এ বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের চূড়ান্ত মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা সম্মতি না দিলে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এর আগে আইনজীবী সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ‘হাদিকে ইউকে আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।’

এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ফেসবুকে এক পোস্টে বলেন, ‘আমাদের প্রিয় ভাই ওসমান হাদির যে চিকিৎসা এখন প্রয়োজন, তা সিঙ্গাপুরে সম্ভব নয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের যথাযথ ব্যবস্থাপনা নেই।’

তিনি আরও বলেন, ‘যদি কোনোভাবে তাকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া যায়, তাহলে শেষ একটি চেষ্টা করা সম্ভব হবে। যুক্তরাজ্যে অবস্থানরত ভাই-বোনদের প্রতি অনুরোধ-আপনারা যদি সহযোগিতা করতে পারেন, তাহলে ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত নথি পাঠানো যাবে। ইনবক্সে যোগাযোগ করলে কৃতজ্ঞ থাকব।’