জাতীয়

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নির্বাচনে অংশ নেওয়া বা সরে দাঁড়ানো সম্পূর্ণ প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত এ বিষয়ে সরকারের কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কে নির্বাচন করবেন আর কে করবেন না, কিংবা কেন নির্বাচন করবেন না- এসব একান্তই ব্যক্তিগত বিষয়।

তিনি বলেন, “আমরা জানি, তিনি ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে সরকারের কোনো ভূমিকা নেই এবং এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কিছু বলারও নেই।”

নিরাপত্তা প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও কেউ নিরাপত্তার কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত নিলে সেটিও ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হবে। তিনি যোগ করেন, কোনো প্রার্থী কেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তা অনুসন্ধান করলে গণমাধ্যমই প্রকৃত কারণ জানতে পারবে।

এর আগে এদিন বিকেএমইএ’র উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প, বিশেষ করে নিটওয়্যার খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের টেকসই উন্নয়নের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের সমন্বয় অপরিহার্য।

তিনি বলেন, বিকেএমইএ পুলিশের জন্য ভ্যান উপহার দিয়ে সহযোগিতার একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে, যা ভবিষ্যতেও দেশের উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি তার জানা নেই এবং তিনি গণমাধ্যমের কাছ থেকেই এ তথ্য শুনেছেন।

এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, হাদি চিকিৎসাধীন রয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, হাদি একজন ‘জুলাই যোদ্ধা’ এবং দেশের জন্য তার অবদান উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, শিল্প পুলিশ-৪-এর প্রধান মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ সরকারি কর্মকর্তা ও শিল্পখাতের প্রতিনিধিরা।