জাতীয়

তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো ট্রাভেল পাস বা ভ্রমণ সংক্রান্ত নথি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে আয়োজিত এক অবহিতকরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগের দিন, বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও একই বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি জানান, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে এখনো কোনো ট্রাভেল ডকুমেন্টের আবেদন আসেনি।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারের প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অবহিত করে। এ সময় নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বলেও জানানো হয় এবং দূতাবাস ও কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

দুপুর আড়াইটা থেকে একে একে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের দূতাবাসের পতাকাবাহী গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করতে দেখা যায়। পাশাপাশি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বহনকারী গাড়িও সেখানে উপস্থিত ছিল। কয়েকটি পতাকাবিহীন গাড়িও প্রবেশ করে।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উন্নয়ন সহযোগী দেশ, বিদেশি কূটনীতিক ও সংশ্লিষ্ট অংশীজনদের বিস্তারিতভাবে অবহিত করেন।

তিনি কূটনীতিকদের উদ্দেশে জানান, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে এবং পর্যবেক্ষক পাঠানোর জন্য আগ্রহী দেশ ও সংস্থাগুলোকে আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি বলেন, সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ব্রিফিংয়ে ঢাকায় অবস্থানরত প্রায় ৪০ জন বিদেশি কূটনীতিক অংশ নেন।