জাতীয়

দেশের পথে ওসমান হাদির মরদেহ, বিমানবন্দর থেকে নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

দেশের পথে ওসমান হাদির মরদেহ, বিমানবন্দর থেকে নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় পৌঁছাবে। জুলাই আন্দোলনের সাহসী এই যোদ্ধাকে শেষবারের মতো গ্রহণ জানাতে ছাত্র-জনতাকে বিমানবন্দর থেকে শাহবাগমুখী সড়কের দুই পাশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখান থেকে মরদেহটি সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

এরপর ইনকিলাব মঞ্চের আরেকটি পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পৌঁছালে ছাত্র-জনতা রাজপথে অবস্থান করবেন এবং বিচার দাবিতে স্লোগান অব্যাহত রাখবেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চ ছাড়া অন্য কোনো সংগঠন বা ব্যক্তির নির্দেশনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। পোস্টে আরও বলা হয়, খুব শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে, শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ইতোমধ্যে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি শুক্রবার দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সম্ভাবনা রয়েছে। শহীদ ওসমান হাদির মরদেহ সম্মানের সঙ্গে ও নিরাপদভাবে দেশে পৌঁছাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।