জাতীয়

মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি একে খন্দকার মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি একে খন্দকার মারা গেছেন
একে খন্দকার। ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি, সাবেক বিমান বাহিনী প্রধান ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীরউত্তম প্রয়াত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

এ কে খন্দকার মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনী পুনর্গঠনে অবদান রাখেন এবং ‘বীরউত্তম’ খেতাব লাভ করেন। তার নামের সঙ্গে যুক্ত রয়েছে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটি। ২০১১ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার জন্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে স্বাধীনতা পদক প্রদান করে।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এ কে খন্দকার রাষ্ট্রদূতের দায়িত্বও নিয়েছিলেন জিয়াউর রহমানের সময়। পরে এইচ এম এরশাদের শাসনামলে তিনি পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্বও পালন করেন।