জাতীয়

দাফনের জন্য হাদির মরদেহ নেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

দাফনের জন্য হাদির মরদেহ নেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার (২০ ডিসেম্বর) আড়াইটার দিকে অনুষ্ঠিত জানাজার পর শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।

জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লাখ লাখ মানুষ।

আজ সকাল ৯টা ৪০ মিনিটে হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনী কঠোর নিরাপত্তা রেখেছিল। পরে ময়নাতদন্ত শেষে মরদেহে শেষ গোসল করানো হয় এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য আনা হয়।

শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

শরীফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন প্রধান নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে গুলি করে আহত করে। এরপর তাকে ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার ঢাকায় আনার পর আজ তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।