জাতীয়
সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী সেনাসদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাজার বিষয়টি নিশ্চিত করা হয়।
নিহত সেনাসদস্যরা হলেন—
কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর),
সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী),
সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম),
সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম),
মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং
লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
আইএসপিআর জানায়, জানাজার আগে নিহত সেনাসদস্যদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিহত সেনাসদস্যদের মরদেহবাহী হেলিকপ্টার নিজ নিজ জেলার উদ্দেশে যাত্রা করে, যাতে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা যায়।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম নিহতদের মরদেহ গ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। এ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শাহাদাৎ বরণ করেন। হামলায় আহত হন আরও ৯ জন, যাঁরা বর্তমানে শঙ্কামুক্ত। আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগকে জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।