জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এখনো নীরব ভারত সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এখনো নীরব ভারত সরকার
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলার ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার।

শনিবার (রাত ৯টার দিকে) বাংলাদেশ হাউস লক্ষ্য করে সংঘটিত এই হামলার ঘটনায় কূটনৈতিক মহলে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ ব্যানারে সংগঠিত একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ২০ থেকে ২৫ জন সদস্য পরিকল্পিতভাবে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে অবস্থান নেয়। সেখানে তারা বাংলাদেশবিরোধী উসকানিমূলক স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

হামলাকারীরা উচ্চস্বরে “শালাকে গুলি করে মার”—এমন হুমকিমূলক স্লোগান দিতে থাকে। ঘটনার সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। তা সত্ত্বেও স্থানীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে হামলাকারীদের প্রতিহত করতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুরো ঘটনার সময় বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত ভারতীয় বাহিনী কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল। হামলাকারীরা কীভাবে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করল এবং দীর্ঘ সময় ধরে স্লোগান দিয়ে নির্বিঘ্নে অবস্থান করল—তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত কোনো ধরনের বাধা ছাড়াই তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই ঘটনাকে ‘নজিরবিহীন ও অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে। বিশেষ করে একটি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়াকে আন্তর্জাতিক কূটনৈতিক রীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভারতের নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তা বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা সম্মান রক্ষায় চরম অবহেলার উদাহরণ বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় বলা হয়, “কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের আন্তর্জাতিক দায়বদ্ধতা। এ ধরনের উগ্রবাদী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” একই সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষকে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

তবে ঘটনার একদিন পার হলেও এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া না আসায় কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন ও উদ্বেগ আরও গভীর হচ্ছে।