জাতীয়

ফের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারতীয় হিন্দুত্ববাদীদের হামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম

ফের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারতীয় হিন্দুত্ববাদীদের হামলা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ফের হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে দূতাবাসের প্রধান ফটকের সামনে প্রায় দুই শতাধিক দুষ্কৃতিকারী জড়ো হয়ে বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সংঘবদ্ধভাবে তারা বাংলাদেশ হাইকমিশনের দিকে হামলা চালায়। এ নিয়ে টানা দুই দিন দূতাবাসকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হামলাকারীরা ‘অখণ্ড হিন্দুরাষ্ট্র’ নামে পরিচিত একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে জড়িত। এই উগ্রবাদী সংগঠনটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে বাংলাদেশকে তথাকথিত ‘অখণ্ড ভারত’-এর অংশে পরিণত করার বক্তব্যও রয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্ট মহলের মতে, এই আদর্শ থেকেই তারা বাংলাদেশবিরোধী বিক্ষোভ ও হামলার মতো উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার সময় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর হস্তক্ষেপ করেননি। বরং কিছু ক্ষেত্রে তাদের ভূমিকা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। এমনকি ভিডিওতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে হামলাকারীদের প্রতি নীরব সমর্থন বা উৎসাহ দিতে দেখা গেছে বলেও দাবি করা হচ্ছে, যা কূটনৈতিক নিরাপত্তার প্রশ্নে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে।

পরপর দুই দিন ধরে দূতাবাসের সামনে এ ধরনের সন্ত্রাসী ও উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবার-পরিজনের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, এ ধরনের হামলা ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক দায়বদ্ধতার পরিপন্থী।

ঘটনাটি ঘিরে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও উঠেছে।