জাতীয়
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
জুলাই সনদ বাস্তবায়নের জন্য আসন্ন গণভোটে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ উদ্বোধনের পর তিনি এ আহ্বান জানান।
‘ভোটের গাড়ি’ দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা ঘুরে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার প্রচারণা চালাবে। এটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটের জন্য ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “গণতন্ত্রের বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। ভোটাধিকার দয়া নয়, এটি আপনার সাংবিধানিক অধিকার। দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসন্ন গণভোট এবং নির্বাচনের প্রতিটি ভোট।”
তিনি আরও বলেন, “নিষ্ক্রিয় থাকা চলবে না, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার এই পরিবেশ নিশ্চিত করবে। জুলাই সনদের পক্ষে ভোট দিন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয় নিশ্চিত করবে দেশকে স্থির ও সুষ্ঠু পথে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত।”