জাতীয়

অনির্দিষ্টকালের জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

অনির্দিষ্টকালের জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত
ছবি: সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের টানানো এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে এই সাময়িক স্থগিতাদেশের জন্য সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশও করা হয়েছে।

এদিকে, গত শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি একটি সংগঠনের ২০–২৫ জন সমর্থক বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা বাংলাদেশবিরোধী স্লোগান দেন এবং বাংলাদেশিদের ভারত ছাড়ার আহ্বান জানান বলে জানা গেছে।

রোববার একই ধরনের ঘটনার অংশ হিসেবে শিলিগুঁড়িতে বাংলাদেশের একটি ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সেখানে ভিসা কার্যক্রম ব্যাহত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়ে গেছে—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর পর থেকেই ঢাকায় ও অনলাইনে ভারতবিরোধী প্রচারণা নতুন মাত্রা পায়, যার প্রভাব দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে অনুভূত হচ্ছে।