জাতীয়
মঙ্গলবার উপদেষ্টা পরিষদে আসছে গুরুত্বপূর্ণ রদবদল
আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ রদবদল আসছে বলে জানা গেছে। খুবই নির্ভরযোগ্য সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সমালোচনা জোরালো হওয়ায় এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেড় দশকের ফ্যাসিস্ট শাসনের পতন ঘটে। এর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর থেকে গত ১৬ মাসে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়।
এর মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েন। সম্প্রতি তারা আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।
এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে, শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়ার ১১ দিন পার হলেও মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও ওঠে।
অন্যদিকে, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ কয়েক মাস আগে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে তিন মাসের মাথায় জামিন পাওয়ায় আইন উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আইন উপদেষ্টা দাবি করেন, ওই জামিনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এর পেছনে প্রভাবশালী আইনজীবীরা জড়িত।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দুই উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে একাধিকবার পদত্যাগের দাবি উঠেছে।
তবে আগামীকালের সম্ভাব্য রদবদলে কারা থাকছেন বা বাদ পড়ছেন—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি।