জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ (ভিডিও)
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির চানক্যপুরী এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বাজরং দলসহ কয়েকটি সংগঠন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবিতে এই বিক্ষোভ আয়োজন করে। বিশেষ করে ময়মনসিংহে তরুণ হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা এবং মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার প্রতিবাদ জানানো হয় কর্মসূচিতে।

বিক্ষোভ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এ সময় ‘বাংলাদেশ মুর্দাবাদ’ স্লোগান দেওয়া হয় এবং কুশপুত্তলিকা পোড়ানো হয়। তবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হাইকমিশন ভবন থেকে প্রায় ৫০০ মিটার দূরে আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বহুস্তরের ব্যারিকেড বসানো হয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনী সতর্ক অবস্থানে থাকে।

এর আগে গত শনিবার রাতে একই কূটনৈতিক এলাকায় বাংলাদেশের হাইকমিশনারের বাসভবনের সামনে হঠাৎ করে বিক্ষোভ দেখা যায়। ওই ঘটনায় হাইকমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন বাংলাদেশি কর্মকর্তারা।

এদিকে সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের সামনেও হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর জেরে কূটনৈতিক উত্তেজনার মধ্যে দিল্লি, শিলিগুড়ি, আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে, এসব ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসিক এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারতের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কূটনৈতিক মিশনে এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন শুধু কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশার কথাও জানানো হয়েছে।