জাতীয়

ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না, খসড়া অনুমোদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না, খসড়া অনুমোদন
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন খসড়ার অধীনে ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না। এছাড়া সিম বা ডিভাইস রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে নজরদারি বা অযথা হয়রানি করা হলে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

খসড়ায় ‘স্পিচ অফেন্স’-সংক্রান্ত বিধান পরিবর্তন করে কেবল সহিংসতা উস্কানিকে অপরাধের আওতায় আনা হয়েছে। এছাড়া টেলিযোগাযোগ সেবার ক্ষেত্রে আপিল ও সালিস প্রক্রিয়ার বিধানও যুক্ত করা হয়েছে।

সংক্ষেপে বলা হয়েছে, ২০১০ সালের বিতর্কিত সংশোধনের বাইরে বেরিয়ে এসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু লাইসেন্স মন্ত্রণালয়ের স্বাধীন অধ্যয়নের ভিত্তিতে অনুমোদন পাবেন, আর অন্যান্য লাইসেন্স ইস্যু করার ক্ষমতা বিটিআরসির কাছে ফিরে এসেছে।

এছাড়া, ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে একটি জবাবদিহি কমিটি থাকবে। খসড়ার নিয়ম অনুযায়ী প্রতি চার মাসে বিটিআরসিকে গণশুনানি করতে হবে এবং তার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।