জাতীয়
তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরায় দেশের রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, “তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তার দেশে ফিরে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক। বাস্তবতা হলো—দেশের রাজনীতিতে কিছু শূন্যতা তৈরি হয়েছিল, তার আগমনে সেটি অনেকাংশে পূরণ হবে।”
সামনের জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “দেশ বর্তমানে একটি ‘ডেমোক্রেটিক ট্রানজিশনের’ মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার ফলে এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া আরও মসৃণ হবে বলে আমরা মনে করি।”
তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, নিরাপত্তা ব্যবস্থাপনায় বিএনপিই মূল ভূমিকা পালন করছে। তবে এ ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।
তিনি বলেন, “বিএনপি যেসব সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, তার সবই করা হচ্ছে।”
তারেক রহমানের দীর্ঘ নির্বাসনের অবসান এবং তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।