জাতীয়

চার দফা দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম

চার দফা দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সারাদেশের শিক্ষার্থী ও সাধারণ জনগণকে ঢাকায় এসে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে দিনের অবরোধ কর্মসূচি স্থগিত করে চার দফা দাবি তুলে ধরে পরবর্তী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তিনি। 

এ সময় তিনি বলেন, “এই হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত, যারা পরিকল্পনা করেছে, যারা সহায়তা করেছে এবং যারা খুনিদের পালাতে সহযোগিতা করেছে—পুরো খুনি চক্রকে গ্রেফতার করে আগামী ২৪ দিনের মধ্যেই বিচার সম্পন্ন করতে হবে।”

ঘোষিত চার দফা দাবির মধ্যে প্রথম দাবিতে বলা হয়েছে, খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিরুদ্ধে আগামী ২৪ দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করতে হবে। দ্বিতীয় দাবিতে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি জানানো হয়েছে।

তৃতীয় দাবিতে বলা হয়, ভারত যদি তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া অভিযুক্ত খুনিদের বাংলাদেশে ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। আর চতুর্থ দাবিতে সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়।

আব্দুল্লাহ আল জাবের বলেন, “এই চারটি দাবি আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে। শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

পরবর্তী কর্মসূচি হিসেবে তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সচেতন জনগণকে ঢাকার শাহবাগে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।