জাতীয়
খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের প্রতিনিধি হিসেবে জয়শঙ্কর আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে। এছাড়া দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধিরাও জানাজায় উপস্থিত থাকবেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পাকিস্তান হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, চীন, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বনেতারা তার সাহসী নেতৃত্ব এবং বাংলাদেশের গণতন্ত্র ও নারী উন্নয়নে অবদানের প্রশংসা করেছেন।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘকাল চিকিৎসারত ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন হিসেবে তার প্রয়াণ শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন। তার চলে যাওয়ায় রাজনীতিতে হারানো হলো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।