জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
সায়েদুর রহমান। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র অনুমোদন দেন বলে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা প্রয়োগের দায়িত্বে থাকা বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগ রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন। তাদের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছিল।

এই তিনজনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।

এর আগে কয়েক মাস আগে অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেন। পরে গত ২৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। সর্বশেষ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগের মধ্য দিয়ে তিন বিশেষ সহকারীর দায়িত্বের অবসান ঘটল।