জাতীয়
সংসদে জায়গা না পেয়ে জানাজায় অংশ নিতে বিভিন্ন সড়কে হাজারো মানুষের ঢল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ব্যাপক জনসমাগম হয়েছে। নির্ধারিত স্থানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন সড়কে দাঁড়িয়ে জানাজায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পুরাতন বাণিজ্য মেলা এলাকায় সাধারণ মানুষকে সড়কের দুই পাশে লাইন ধরে কাতারবদ্ধ হয়ে জানাজার জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে। অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
এদিকে দুপুর দেড়টার পরও দেখা যায়, বিজয় সরণি, কারওয়ান বাজার, মহাখালী, আগারগাঁও, শ্যামলী ও ফার্মগেটমুখী বিভিন্ন সড়ক থেকে এখনো জনস্রোত ছুটছে সংসদ ভবনের দিকে। জায়গা না পেয়ে রাস্তায়ই অবস্থান করছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, মিরপুর সড়কে আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পরে মানুষ আর সামনের দিকে যেতে পারছে না। যার কারণে এ সড়কে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে।
জানাজার মাইক জিয়া উদ্যানের পরে মিরপুর সড়কে না থাকায় জানাজা শেষ হয়ে গেছে কি না তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।