জাতীয়

পূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

পূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজা নামাজ পরিচালনা করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন আনুষ্ঠানিকতার কারণে বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুরসহ আশপাশের এলাকাজুড়ে মানুষের ঢল নামে। হাজারো মানুষ যে যেখানে পেরেছেন, সেখান থেকেই জানাজায় শরিক হন।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিক, বিএনপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এর আগে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। রাষ্ট্রীয় প্রোটোকল অনুসরণ করে সেনাবাহিনী হিউম্যান চেইনের মাধ্যমে মরদেহ বহন করে।

সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে মরদেহ বের করে গুলশানে নেওয়া হয়। প্রথমে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে মরদেহটি তার ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। পরে বেলা ১১টা ৫ মিনিটে সেখান থেকে মরদেহ সংসদের উদ্দেশে রওনা দেয়।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা আজ ঢাকায় উপস্থিত হন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজা উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।