জাতীয়
পদত্যাগের পর ফের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সায়েদুর
পদত্যাগের একদিন পর আবারও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগের দিন বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলেও সে সময় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, অধ্যাপক ডা. সায়েদুর রহমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং গত ৩০ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। অবসরের সুবিধা নিশ্চিত করতেই তিনি বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। অবসর কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাকে পুনরায় একই পদে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার জারি করা নিয়োগ আদেশে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ডা. সায়েদুর রহমান প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।