জাতীয়
জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জনগণের মধ্যে আওয়ামী লীগের আর কোনো গ্রহণযোগ্যতা নেই এবং বাংলাদেশের রাজনীতিতে দলটির ভবিষ্যৎ তিনি দেখছেন না।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিবের দাবি, আওয়ামী লীগের বহু নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন। তিনি বলেন, তারা তিন হাজার পুলিশ হত্যার মতো ভিত্তিহীন দাবি করছে এবং আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা দেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
শফিকুল আলম আরও বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। এখন যখন মনোনয়নপত্র সংগ্রহের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, তখন এসে ভুল স্বীকার করলেও আর সময় নেই।
তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। জনগণের বিশ্বাস পুনরুদ্ধারে অতীতের ভুল স্বীকার করা ছাড়া অন্য কোনো পথ নেই।
হাদী হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে এবং ঘাতকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের কাছে যেসব তথ্য আছে, সেগুলো পরবর্তীতে জানানো হবে।
এ সময় নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী চিন্ময়ানান্দ চঞ্চল, তরুণ ভৌমিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।