জাতীয়

হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪১ এএম

হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ শনিবার থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলসমূহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে সংগঠনটির সদস্যরা। তারা বিচার আদায়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করবেন।

তিনি আরও জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনি ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। অন্যথায় আরও কঠোর ও চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তীতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। পরে ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।

হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে শুরু হওয়া ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন করে আন্দোলনের গতি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।