জাতীয়

পোস্টাল ভোটের ছবি বা ভিডিও শেয়ার করলেই ব্লক হবে এনআইডি: ইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

পোস্টাল ভোটের ছবি বা ভিডিও শেয়ার করলেই ব্লক হবে এনআইডি: ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো ভোটার যদি পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন, তবে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের আইনি দায়িত্ব। ব্যালট পেপারের ছবি তোলা বা ভিডিও করা এবং তা ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। 

এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি (NID) কার্ড সাথে সাথে ব্লক করে দেওয়া হবে, নির্বাচনী আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং ভোটার তালিকায় তাঁর অবস্থান স্থগিতসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

সরকারি চাকরিজীবী (যারা নির্বাচনের কাজে যুক্ত), কারাবন্দি ভোটার কিংবা প্রবাসীরা নির্দিষ্ট প্রক্রিয়ায় ডাকযোগের মাধ্যমে ভোট প্রদান করেন, যা পোস্টাল ভোট হিসেবে পরিচিত। এই ভোটের স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করতেই ইসি এমন কঠোর অবস্থান নিয়েছে।

নির্বাচন কমিশন ভোটারদের অনুরোধ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের কোনো ধরনের ছবি বা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে। অন্যথায় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।