জাতীয়
আইনগত ভিত্তি পর্যালোচনার পর আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা
আইনগত ভিত্তি ও প্রক্রিয়াগত দিক যাচাই-বাছাই শেষে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিষয়টি আবেগের নয়, বরং আইন ও নীতিগত অবস্থান পর্যালোচনা করেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।
রোববার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে আইন উপদেষ্টার পক্ষ থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা বলেন, “খেলাকে যদি খেলার জায়গায় রাখা যেত, তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খেলাধুলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা সাধারণত বলি—দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময়, খেলাধুলার মাধ্যমে সেই দূরত্ব কমানো সম্ভব। সেটা বাংলাদেশ-ভারত বা অন্য যে কোনো দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু এখানে আমরা উল্টো চিত্র দেখলাম। একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে।”
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এই ধরনের সিদ্ধান্তে আমাদের দেশের জনগণের মনে স্বাভাবিকভাবেই আঘাত লাগে। এর ফলে জনমনে প্রতিক্রিয়া তৈরি হয়। এমন পরিস্থিতিতে রাষ্ট্র হিসেবে আমাদেরও একটি অবস্থান নিতে হয়।”
তিনি জানান, “আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা করছি এবং পুরো প্রক্রিয়াটি যাচাই-বাছাই করা হচ্ছে। এই পর্যালোচনা শেষ হওয়ার পরই আইপিএল সম্প্রচার বন্ধসহ পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ক্রীড়াঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।