জাতীয়

বিদ্যুৎ সংযোগ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

বিদ্যুৎ সংযোগ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত করা ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। এসব ভোটকেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো ইসির এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে এর মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

নির্বাচন কমিশন মনে করছে, ভোটগ্রহণের দিন নির্বিঘ্ন ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।