জাতীয়

নির্বাচনের প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আনসার বাহিনী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

নির্বাচনের প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আনসার বাহিনী 
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত রয়েছে। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে নজরদারি রয়েছে এবং নির্বাচনী নিরাপত্তায় দক্ষ আনসার সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

শুধু নির্বাচন নয়, দেশ ও জাতির নিরাপত্তায় এ বাহিনী সবসময় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন আনসার ভিডিপির মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত ভিডিপির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করে তিনি এসব কথা বলেন। 

আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের এ পর্যন্ত যতগুলো মহামারি, বন্যা ও সংকটপূর্ণ সময় এসেছে প্রতিটি ক্ষেত্রেই আনসার বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার বাহিনী ভূমিকা পালন করেছে। 

তিনি আরও বলেন, এই বাহিনীর সদস্যরা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য আমরা সরকারের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। যাতে তারা দেশে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। তার জন্য আমরা সব রকমের সহায়তা করব।