জাতীয়
সজীব ওয়াজেদ জয়ের পক্ষে লড়বেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম
জুলাই অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে আইনি লড়াই চালাবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর নির্দেশে জয়ের পক্ষে আইনজীবী হিসেবে মনজুর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৭ ডিসেম্বর পলাতক থাকা জয়ের পক্ষে এই আইনজীবীকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
এরই ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানির জন্য ১১ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়।
এদিকে, গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এ মামলার অন্যতম আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তার হয়ে লড়ছেন আইনজীবী লিটন আহমেদ।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, সহিদুল ইসলামসহ অন্যরা।