জাতীয়

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব পদক্ষেপ নেওয়া হবে : ইসি সানাউল্লাহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব পদক্ষেপ নেওয়া হবে : ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মোর্চা ‘অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’-এর একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, “২০২৬ সালের নির্বাচনকে আমি রূপকভাবে বলতে চাই—এটি অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে আনার মতো। ন্যূনতম মেরামত করে, কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার চেষ্টা। যদি আমরা সেটুকু করতে পারি, সেটাই হবে আমাদের প্রথম বড় সাফল্য। এরপর ধাপে ধাপে আরও উন্নতির দিকে এগোতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের ‘তৃতীয় নয়ন’ হিসেবে কাজ করেন। তাই তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত হয় এবং মৌলিক বিষয়গুলোতে কোনো ব্যত্যয় না ঘটে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। নীতিমালার ভেতরে থেকে পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপার্সন তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং বিদেশি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।