জাতীয়

সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও বিভিন্ন সরকারি দায়িত্ব পালনে আন্তর্জাতিক ভ্রমণ আরও সাশ্রয়ী ও সহজ হবে।

বুধবার (৭ জানুয়ারি) সেনা সদর দপ্তরে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যকার পারস্পরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এই চুক্তি সম্পন্ন হয়।

সমঝোতাপত্রে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন।

চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তুলনামূলক কম ভাড়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্কের বাইরে থাকা গন্তব্যগুলোতে প্রশিক্ষণ ও সরকারি কাজে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেবা গ্রহণ করা যাবে।

এ উদ্যোগের ফলে আন্তর্জাতিক ভ্রমণে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সেনা সদস্যরা স্বল্প খরচে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান সংস্থার সেবা নিতে পারবেন। পাশাপাশি বিদেশে দায়িত্ব পালন ও মিশন মোতায়েনের ক্ষেত্রে চলাচলের সক্ষমতা বাড়বে, যা বাংলাদেশ সেনাবাহিনীর সামগ্রিক কার্যকারিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।