জাতীয়

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, আশাবাদ মন্ত্রিপরিষদ সচিবের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, আশাবাদ মন্ত্রিপরিষদ সচিবের
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। ছবি: সংগৃহীত

বর্তমান প্রশাসনের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

তিনি বলেছেন, কোথাও কোনো ধরনের বিচ্যুতি বা অনিয়ম লক্ষ্য করা গেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তফসিল ঘোষণার আগে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমি তো এখনো আশাবাদী। করা যাবে, ইনশাআল্লাহ্।”

তিনি আরও বলেন, অভিজ্ঞতা একদিনে আসে না, বরং দায়িত্ব পালনের মধ্য দিয়েই অভিজ্ঞতা তৈরি হয়। “অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তৈরি হয় পরিস্থিতির মধ্য দিয়ে। তারা যদি সঠিক পথে চলেন এবং মনোভাব ঠিক থাকে, তাহলে তারা সফল হবেন- ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্,” বলেন তিনি।

মাঠ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে শেখ আব্দুর রশীদ বলেন, সরকার তাদের প্রস্তুত ও যোগ্য বলেই মনে করছে। তবে কোনো জায়গায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা ঢালাওভাবে না দেখে তাৎক্ষণিকভাবে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেব। সাধারণভাবে আমরা মনে করছি মাঠ প্রশাসন প্রস্তুত আছেন এবং দায়িত্ব পালনে সক্ষম।”

মন্ত্রিপরিষদ সচিবের এই বক্তব্যের মাধ্যমে বর্তমান প্রশাসনিক কাঠামোর অধীনেই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।