জাতীয়

ভিসা নিয়ে ভারতীয়দের দুঃসংবাদ দিলো বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

ভিসা নিয়ে ভারতীয়দের দুঃসংবাদ দিলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পর এবার কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সীমিত করেছে। ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখার সিদ্ধান্ত আজ (৮ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের উপ-হাইকমিশন থেকে পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লি এবং আগরতলার অফিস থেকে সব ধরনের ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে শুধুমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা ইস্যু করছে।

বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি, তবে বুধবার থেকে পর্যটক ভিসা সীমিতভাবে দেওয়া হচ্ছে। বাণিজ্যিক ভিসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিসা কার্যক্রম অব্যাহত আছে।

এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতের বাংলাদেশে থাকা ভিসা কেন্দ্রগুলোতে ভাঙচুর হয়। এর ফলে ঢাকায় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ হয় এবং কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত রাখে। পরে কিছু ভিসা সেন্টার পুনরায় চালু হলেও ভারত মেডিকেল বা জরুরি প্রয়োজন ছাড়া পর্যটক ভিসা ইস্যু করছিল না। বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।