জাতীয়

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
ছবি: সংগৃহীত

মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সফরের অংশ হিসেবে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেন।

রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে নেওয়া পদক্ষেপ ও অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা বাণিজ্য ঘাটতি কমাতে বড় ভূমিকা রাখছে। একই সঙ্গে চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই প্রেক্ষাপটে বর্তমানে কার্যকর থাকা ২০ শতাংশ ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি যেসব পোশাকপণ্যে মার্কিন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা হয়, সেগুলোর ওপর শুল্ক কমানো বা প্রত্যাহারের প্রস্তাবকেও গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয়ে তিনি একমত পোষণ করেন।

বৈঠকে উভয় পক্ষ দ্রুততম সময়ে পারস্পরিক শুল্ক চুক্তিটি চূড়ান্ত ও বাস্তবায়নের লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের ব্যাপারে একমত হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন ড. খলিলুর রহমান।

এ সময় সম্প্রতি মার্কিন ‘ভিসা বন্ড’-এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশিদের ব্যবসায়িক ভ্রমণ সহজ করতে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূত গ্রিয়ারের প্রতি আহ্বান জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একই সঙ্গে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন (ডিএফসি) তহবিল প্রাপ্তির অনুরোধও জানান তিনি।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধির পক্ষে সহকারী প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

এদিকে, সফরের ধারাবাহিকতায় আজ শুক্রবার ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।