জাতীয়
বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তিনি শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় মার্কিন দূতাবাসে আগে কাজ করার সুবাদে বাংলাদেশের সঙ্গে তিনি ভালোভাবেই পরিচিত। সেই পরিচিত দেশটিতে আবার ফিরে যেতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণে তারা আনন্দিত।
বাংলাদেশে নিজের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি দক্ষ ও শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করাই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তার ভাষায়, প্রতিদিনের পরিশ্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার কাজে তিনি উচ্ছ্বসিত।
আগামী ১২ জানুয়ারি তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি আগেও ঢাকায় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ঢাকায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।