জাতীয়
আপিলের দ্বিতীয় দিনে শুনানি নিচ্ছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া আদেশের বিরুদ্ধে দাখিল করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে কমিশনের অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী আজ ৭১ থেকে ১৪০ নম্বর আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হচ্ছে।
ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত তা চলে। এর আগে গত ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।
গত শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। ওই দিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। চলমান এই শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে বাকি আপিলগুলোর শুনানি শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
নির্বাচন কমিশন আশা করছে, আপিল শুনানির মাধ্যমে প্রকৃত প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে এবং এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে।