জাতীয়
সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান, কড়া নিন্দা জানাল বাংলাদেশ
সোমালিয়ার একটি অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি প্রদান এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতে এ জরুরি অধিবেশন আহ্বান করে ওআইসি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় ওআইসির যে সম্মিলিত অঙ্গীকার রয়েছে, বাংলাদেশ তার সঙ্গে পুরোপুরি একাত্ম। তিনি জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয়।
ইসরায়েলের এ ধরনের একতরফা স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানান তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, অবৈধ আলোচনা বা উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একতরফা সিদ্ধান্ত ও চাপের রাজনীতির ওপর প্রাধান্য পাবে-এটাই ওআইসির সদস্য দেশগুলোর সম্মিলিত অবস্থান হওয়া উচিত।
এর আগে শনিবার সকালে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর বিপুল সংখ্যক প্রতিনিধির অংশগ্রহণে পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনের প্রস্তুতিমূলক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি প্রকাশের পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।