জাতীয়
সকল সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনায় নির্বাচন পর্যন্ত সরকারি সব ধরনের পত্র ও দাপ্তরিক যোগাযোগে গণভোটের নির্ধারিত লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে গণভোট বিষয়ে প্রচার ও সচেতনতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির আলোকে পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব দপ্তর ও মাঠ প্রশাসনের কাছে নির্দেশনা পাঠায়।
নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরবরাহ করা নির্ধারিত লোগো সরকারি সব ধরনের পত্র যোগাযোগে ব্যবহার করতে হবে। বিশেষভাবে পত্রের উপরের ডান পাশে লোগোটি সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর দৃশ্যমান ও দৃষ্টিনন্দন স্থানে গণভোট সংশ্লিষ্ট ব্যানার প্রদর্শনের কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং নির্বাচনকালীন সরকারি যোগাযোগে অভিন্নতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।