জাতীয়

ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ তলায় অবস্থিত অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আজ আপিল নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এই কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এর আগে, টানা তিন দিনের শুনানিতে মোট ২১০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়েছে।

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচার কার্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।