জাতীয়
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ দিয়েছে সরকার। তাকে বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ গ্রহণের ক্ষেত্রে ওমর বিন হাদিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সব ধরনের কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগের শর্তাবলি পরবর্তীতে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।