জাতীয়

আওয়ামী লীগ কী পারে, তা আমরা নভেম্বর মাসে দেখেছি: প্রেস সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

আওয়ামী লীগ কী পারে, তা আমরা নভেম্বর মাসে দেখেছি: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরিফ জিয়ারতকালে বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের তথ্য-পরিধি সীমিত।

শফিকুল আলম বলেন, “পুরো বিশ্বের সরকারই গণভোটকে সমর্থন করে। আমরা দেশের অপশাসন দূর করতে এবং সংস্কার আনার পক্ষে। শেখ হাসিনার মতো আর কেউ দৈত্য-দানব না হয়ে উঠুক, সেজন্য হ্যাঁ ভোটের পক্ষে রয়েছি। যারা দেশের ব্যাংকের টাকা চুরি করেছে, তার দায় বর্তমান সরকারের কাঁধে।”

তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী বিষয়ে আশঙ্কা অমূলক উল্লেখ করেন। শফিকুল আলম বলেন, “এই সরকার কারো প্রতি পক্ষপাতিত্ব করছে না। আমরা আমাদের কাজের মাধ্যমে এটি প্রমাণ করব। নির্বাচন সম্পূর্ণ ফ্রি, ফেয়ার, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। নিরাপত্তার সব প্রস্তুতি শেষ, রিটার্নিং ও পোলিং অফিসারদের কার্যক্রমও সম্পন্ন।”

এই সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, থানা ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ স্থানীয় প্রশাসন ও মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।