জাতীয়
নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পে-স্কেল সংক্রান্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা কার্যকর করা হবে বলে জানান তিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, পে-স্কেল নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।
এ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।